আসন্ন ৬ নং বোকাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেছেন মিজান জমাদার।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান। তিনি মনে করেন, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
মিজান জমাদার অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি প্রায় ১৪ বছর ধরে ‘সাইফুরস’ নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততা তাকে মানুষের সমস্যাগুলো কাছ থেকে বোঝার সুযোগ করে দিয়েছে বলে তিনি জানান।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভোটের আগে কোনো ধরনের প্রলোভনে বিশ্বাস করি না। বরং ভোটের পরে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি নেতা হতে চাই না, আপনাদের একজন হয়ে পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “বয়স কম নিয়ে অনেকে প্রশ্ন তুললেও আমি মনে করি, সততা, সাহস এবং কাজ করার ইচ্ছাই একজন ভালো জনপ্রতিনিধির প্রধান গুণ। আমি টাকা দিয়ে ভোট কিনতে চাই না, কাজের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করতে চাই।”
এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে মিজান জমাদার বলেন, “একটি সুযোগ পেলে আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে, ইচ্ছা ও সততা থাকলে পরিবর্তন সম্ভব।”





